ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক মালেকের ৩০ বছরের কারাদণ্ড

স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার দুটি ধারায় ১৫ বছর করে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে দুটি সাজা একত্রে চলবে বলে তাকে ১৫ বছরের সাজাই ভোগ করতে হবে।


সোমবার (২০ সেপ্টেম্বর) এ রায়ের ঘোষণা করেন ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম। রায় ঘোষণার পূর্বে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং ঘোষণার পর ফের তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।


এর আগে গত ১৩ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতে বিচারক রবিউল আলম দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের তারিখ ধার্য করেন।


গত ১১ জানুয়ারি অস্ত্র আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী ১৩ জনকে সাক্ষী করে মালেকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ১৪ ফেব্রুয়ারি আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। গত ৪ এপ্রিল মালেকের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন আদালত।


প্রসঙ্গত, গত বছরের ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেককে গ্রেফতার করে র‌্যাব-১। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার বাংলাদেশি জাল নোট ও একটি ল্যাপটপ এবং মোবাইল জব্দ করা হয়। পরে র‌্যাব-১-এর পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑